রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থান কেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে ঢাকার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিশনার সাজ্জাত আলী জানান, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা খুবই সংকটাপন্ন।
তিনি আরও জানান, পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও র্যাবও অভিযানে যুক্ত আছে। “ওসমান হাদির ওপর গুলি চালানো সন্ত্রাসীদের যেখানেই লুকানো থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে,” বলেন তিনি।
প্রাথমিক তথ্যে জানা গেছে, শুক্রবার দুপুরে মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী রিকশায় থাকা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশতাক আহমেদ জানিয়েছেন, হাদির মাথায় গুলিবিদ্ধ এবং তিনি বর্তমানে কোমায় আছেন।
ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ঢামেক হাসপাতালে জড়ো হন জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সমর্থকরাও হাসপাতালে উপস্থিত হয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
রিপোর্টার্স২৪/আয়েশা