স্টাফ রিপোর্টার: ঢাকার বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। তবে, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের আগুন নিভে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি বলেন, আমাদের কাছে খবর আসে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ইউনিটগুলো সেখানে পৌঁছানোর আগেই বাসের আগুন সম্পূর্ণ নিভে যায়। ফলে ফায়ার সার্ভিসকে এ ঘটনায় কোনো কাজ করতে হয়নি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও বাসে যাত্রী ছিল কি না জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
রিপোর্টার্স২৪/ধ্রুব