স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহিরাঙ্গন এলাকা থেকে নিয়োগ ও ভর্তি পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত ইলেকট্রনিক স্পাই ডিভাইসসহ দুই ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শুক্রবার (১২ ডিসেম্বর) আটক হওয়া ব্যক্তিরা হলেন শাহারুন আলী (৩৮) ও মো. ইকবাল হোসেন জীবন (৩৫)।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ৭৬টি ডিজিটাল স্পাই ডিভাইস, ৫০টি ইয়ারপিস, ৩টি ল্যাপটপ ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শাহারুন আলী যাত্রীবেশে চীন থেকে এসব ডিভাইস আনেন এবং বিমানবন্দরে অপেক্ষমাণ ইকবালসহ বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
স্পাই ডিভাইসগুলো ক্রেডিট কার্ড সদৃশ হওয়ায় শনাক্ত করা কঠিন। সিমসংযোগযুক্ত এসব ডিভাইসে ইনকামিং কল স্বয়ংক্রিয়ভাবে রিসিভ হয়। কানের ভেতরে ব্যবহারের জন্য থাকে অতি ক্ষুদ্র ইয়ারপিস। পরীক্ষা চলাকালে অসাধু পরীক্ষার্থীরা এর মাধ্যমে বাহিরে থাকা জালিয়াত চক্রের সঙ্গে যোগাযোগ করেন।
এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। এপিবিএন-এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মাদ মোজাম্মেল হক জানান, এসব ডিভাইস আমদানি নিষিদ্ধ এবং অতীতে জালিয়াতির প্রমাণও পাওয়া গেছে। তিনি বলেন, অসাধু কার্যক্রম ঠেকাতে নিয়মিত নজরদারি চলছে।
রিপোর্টার্স২৪/বাবি