আন্তর্জাতিক ডেস্ক: কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে নিজের পোস্টগুলোর পৌঁছানো (রিচ) উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এর মালিক ইলন মাস্কের কাছে হস্তক্ষেপ চেয়েছেন তার সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ।
এক্সে মাস্ককে উদ্দেশ করে দেওয়া বার্তায় জেমাইমা বলেন, ২০২২ সালে ক্ষমতাচ্যুত পাকিস্তানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান গত ২২ মাস ধরে কঠোর একাকী বন্দিত্বে রয়েছেন। তাদের দুই ছেলে দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে দেখা বা কথা বলতে পারেননি; এমনকি চিঠি পাঠানোর অনুমতিও নেই। তিনি দাবি করেন, পাকিস্তানের টেলিভিশন ও রেডিওতে ইমরান খানের নাম কার্যত মুছে ফেলা হয়েছে।
জেমাইমা বলেন, এসব বিষয় তুলে ধরার জন্য এক্সই এখন তার একমাত্র স্বাধীন প্ল্যাটফর্ম। তবে এক্সের এআই টুল গ্রোক–এর বিশ্লেষণের বরাত দিয়ে তিনি অভিযোগ করেন, তার অ্যাকাউন্টে গোপনে থ্রটলিং আরোপ করা হয়েছে, ফলে পোস্টের দৃশ্যমানতা ব্যাপকভাবে কমে গেছে।
তার দেওয়া তথ্যমতে, ২০২৩ ও ২০২৪ সালের শুরুতে তার ৩৫ লাখের বেশি অনুসারী থাকা অ্যাকাউন্টে মাসে ৪০০ থেকে ৯০০ মিলিয়ন ইমপ্রেশন হতো। অথচ ২০২৫ সালে এখন পর্যন্ত মোট ইমপ্রেশন মাত্র ২৮.৬ মিলিয়ন—প্রায় ৯৭ শতাংশ কম। তিনি বলেন, ২০২৫ সালের মে মাসে পাকিস্তানে এক্সের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর একটি পোস্ট চার মিলিয়ন ইমপ্রেশনে পৌঁছালেও এরপর আবার দ্রুত কমে যায়।
মতপ্রকাশের স্বাধীনতার প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়ে জেমাইমা এক্সে তার অ্যাকাউন্টের ওপর আরোপিত ‘অবৈধ’ সীমাবদ্ধতা প্রত্যাহারের দাবি করেন। তার ভাষ্য, বৈধ রাজনৈতিক বক্তব্য নীরব করা উচিত নয়।
রিপোর্টার্স২৪/বাবি সূত্র: পাকিস্তান টুডে