নাটোর প্রতিনিধি: সুদানের আবেই-তে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষী সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন এবং সংঘর্ষ এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
নিহতদের মধ্যে মাসুদ রানা নামের একজন শান্তিরক্ষীর বাড়ি নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামে। আইএসপিআরের বরাতে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) সকালে সুদানের আবেই এলাকায় জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসীরা হঠাৎ আক্রমণ চালায়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন।
সেনাবাহিনী জানিয়েছে, আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম চলছে। এছাড়া পরিস্থিতি এখনও অস্থিতিশীল এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ অব্যাহত রয়েছে। পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রাপ্তি সাপেক্ষে জানানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ রানা মৃত সাহার মালিথার ছেলে। তিনি এক মাস ৮ দিন আগে সুদানের আবেই-তে শান্তি মিশনে যোগদান করেছিলেন। আইএসপিআর থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকে তাঁর গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।
রিপোর্টার্স২৪/এসসি