রিপোর্টার্স২৪ ডেস্ক: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) মোহাম্মদপুর বধ্যভূমি ও মীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)-এর মহাসচিব এম. গোলাম মোস্তাফা ভুইয়া বলেন, অতীতের চেতনার নামে কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ ও জাতির কল্যাণে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যে কোনো মূল্যে সংস্কার কর্মসূচী বাস্তবায়ন করতে হবে। ২৪-এর চেতনায় সংস্কার যদি বাস্তবায়িত না হয়, তবে জাতি আবারো ফ্যাসিবাদী শাসনের কবলে পড়তে পারে।
তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা প্রয়োজন। মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে যেভাবে অনিয়ম ও দুর্নীতি হয়েছে, সেই রকম কিছু যদি শহীদ বুদ্ধিজীবীদের তালিকাকরণে ঘটে, তা দুঃখজনক হবে।
ন্যাপ মহাসচিব উল্লেখ করেন, পতিত ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তি সম্মিলিতভাবে জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের গুপ্ত হত্যা করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছে। কিন্তু তারা ভুলে গেছে যে, গুলি করে তাদের স্তব্ধ করা যাবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের প্রয়োজনীয় আন্দোলন একদিন বিজয়ী হবে। ১৯৭১ সালেও দেশের দেশপ্রেমিক বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে পিছনে ফেলা যায়নি।
গোলাম মোস্তাফা ভুইয়া দুঃখ প্রকাশ করে বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত খুনিদের শনাক্ত করা হয়নি এবং নির্ভুল তালিকাও তৈরি হয়নি। এ বিষয়ে সকল শাসকের অবহেলা ছিল। বুদ্ধিজীবী হত্যার নীলনকশা ও বাস্তবায়ন সম্পর্কে তথ্য আহরণের জন্য সরকারকে জ্ঞানী ও গুণী মানুষের নেতৃত্বে একটি কমিশন গঠন করতে হবে। এ কাজ না করলে আমরা পূর্বপুরুষদের প্রতি ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি অন্যায় করব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাপ যুগ্ম মহাসচিব মিতা রহমান, কৃষি ও পল্লী উন্নয়ন সম্পাদক এএফএম শরিফুল আলম, মহানগর নেতা হাবিবুর রহমান সৈকত, সাব্বির আহমেদ, ফয়জুল কবির প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসসি