সিনিয়র রিপোর্টার: ওসমান হাদিকে গুলি করার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের মন্তব্যের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।
আজ সোমবার(১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আয়োজনে আলোচনাসভায় তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সারা দেশের মানুষ সমব্যথী। সিইসির বক্তব্য আমাদেরকে ক্ষুব্ধ করেছে। তিনি নিজের জায়গা ও বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, একজন বিপ্লবী আহত হলে সরকার নড়েচড়ে বসবে এমন সরকার আমরা চাই না। হামলাকারীদের এখনও গ্রেপ্তার করতে পারেনি সরকার, তাহলে সরকারের কাজ কী? এই ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করা উচিত।
জামায়াত আমির বলেন, ৫৪ বছর জাতির ভাগ্য চোরাবালিতে হারিয়ে গিয়েছিল। অভ্যুত্থানের ঐক্য ধরে এবার সামনে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে। জামায়াত ক্ষমতায় এলে সব দলকে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে গড়ে তোলা হবে।
এর আগে সোমবার সকালে রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সিইসি বলেন, আইন-শৃঙ্খলার অবনতি কোথায়? মাঝেমধ্যে দু-একটা খুনখারাবি হয়। ওসমান হাদির ঘটনা আমাদের বিচ্ছিন্ন মনে হচ্ছে। নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটে থাকে। বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়। বরং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি