রিপোর্টার্স২৪ ডেস্ক : আনিস আলমগীরকে গ্রেফতারের পর সন্ত্রাসবিরোধী আইনের মামলা দায়েরের নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ প্রেস ইউনিটি। সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ইউনিটির নির্বাহী সভাপতি একরামুল হক গাজী ও মহাসচিব রেজাউল করিম রাজী এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, “ছাত্রদের কোটা বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘ফ্যাসিস্ট’ সরকারের পতনের পর শপথ নেওয়া এ সরকার সাংবাদিক সমাজের বিরুদ্ধে দাঁড়াচ্ছে।” এই কর্মকাণ্ড অতীতের ফ্যাসিস্ট মনোভাবের নব্যপ্রকাশ বলেই আমরা মনে করি। সেই সঙ্গে বলতে চাই, সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা নতুন করে সাংবাদিক ও সংবাদমাধ্যমের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
সরকার-সংশ্লিষ্টরা কি বাংলাদেশকে সাংবাদিকদের বসবাসের অনুপযোগী মানচিত্র বানাতে চায়? যদি তা না হয়, তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আনিস আলমগীরসহ সকল সংবাদযোদ্ধার মুক্তির দাবি জানাচ্ছি। এর ব্যত্যয় ঘটলে বাংলাদেশ প্রেস ইউনিটি জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনে বসবে। একই সঙ্গে গত ১৫ মাসে চাকরিচ্যুত ৩১১ জন সাংবাদিককে পুনর্বহালের ব্যবস্থা করতে সরকার ও সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০০৯ সালে সাংবাদিকদের অধিকার রক্ষার লক্ষ্যে ‘প্রেস ইউনিটির অঙ্গীকার—অপসাংবাদিকতা থাকবে না আর…’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আত্মপ্রকাশ করে অনলাইন প্রেস ইউনিটি। পরবর্তীতে ২০২০ সালে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ প্রেস ইউনিটি করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন