রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের বিজয় দিবস হোক জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জনগণের প্রকৃত ক্ষমতায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া এবং গণতান্ত্রিক উত্তরণের পথে যে নবযাত্রা সূচিত হয়েছে, তা যেকোনো মূল্যে রক্ষার শপথ নেওয়ার দিন হিসেবেই এ দিবসকে স্মরণ করা উচিত।
মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, আজ ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় ও গৌরবময় দিন। ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনে আমরা পেয়েছি কাঙ্ক্ষিত বিজয়। অসংখ্য ত্যাগ ও লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে একটি স্বাধীন জাতিসত্তা এবং লাল-সবুজের পতাকা। এই দিনে দেশে ও বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সব বাংলাদেশিকে জানাই বিজয়ের আন্তরিক শুভেচ্ছা।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধসহ স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রামে আত্মত্যাগকারী সব বীর শহীদকে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। তাঁদের আত্মদান আমাদের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা জোগায় এবং প্রতিটি সংকট ও সংগ্রামে মুক্তির পথ দেখায়।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার যে নতুন সূর্য উদিত হয়েছিল, তা বিগত বছরগুলোতে বারবার স্বৈরাচার ও অপশাসনে ম্লান হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি।
তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি উন্নত ও সুশাসিত বাংলাদেশের শক্ত ভিত গড়ে তুলতে যে বিস্তৃত সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে, দেশের আপামর জনগণের সম্মিলিত অংশগ্রহণে সেই কর্মযজ্ঞের সফল বাস্তবায়নের পথে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে।
প্রধান উপদেষ্টা বলেন, আমি আশা করি, এসব উদ্যোগের মাধ্যমে আগামীর বাংলাদেশে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা সমূলে উৎপাটিত হবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং রাষ্ট্রের সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। একই সঙ্গে জনমুখী ও টেকসই উন্নয়নের পথ সুদৃঢ় হবে।
তিনি বলেন, আসুন, বহু কষ্টে অর্জিত স্বাধীনতাকে পূর্ণতা দিতে নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। ধর্ম, বর্ণ ও গোষ্ঠী নির্বিশেষে সবাই হাতে হাত রেখে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাই।
রিপোর্টার্স২৪/এসসি