বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের গোদারপাড়াস্থ জাহিদুর রহমান মহিলা ডিগ্রি কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি ও স্নাতক প্রথম বর্ষের ছাত্রীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মো. রেজাউল করিম বাদশা।
কলেজের গভর্নিং বডির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালামসহ বিশিষ্ট অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. মাহাবুব আলম। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির ছাত্রী মাহিয়া আফরিন ও একাদশ শ্রেণির ছাত্রী প্রিয়া মনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক নফিজ উদ্দিন ও জ্যেষ্ঠ প্রভাষক আখতার উল আলম।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, নারী শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান এবং বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স২৪/বাবি