রাঙ্গামাটি প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এ কর্মসূচিতে অংশ নেয়।
ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। পরে পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল রকিব, বীর মুক্তিযোদ্ধা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শহীদ মিনারে শ্রদ্ধা জানান।
সকাল সাড়ে সাতটায় শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের স্মৃতিসৌধে বিজিবি সেক্টর কমান্ডার ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর সকাল ৯টায় চিংহ্লা মং মারী স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এরপর বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়।
এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে দিনভর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও পৃথক কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।