জামালপুর প্রতিনিধি : জামালপুরের জেলা সদরসহ সাত উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিবসের সূচনা।
এরপর পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের শারীরিক কসরত ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। শহীদ পরিবার ও জীবিত বীর মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
জামালপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত বিজয় দিবসের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী ও পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক।
এ ছাড়া মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ এবং ইসলামপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়।
ইসলামপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হোসাইন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং জীবিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন।