রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক: ভারত সফরের সূচিতে ছিল কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লি। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনায় পরিবর্তন এনে দিল্লি থেকে সরাসরি গুজরাটের জামনগরের বনতারায় পৌঁছান ফুটবল জাদুকর লিওনেল মেসি। ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির আমন্ত্রণেই এই সফরে যান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা।
বনতারায় পৌঁছে মেসি পুজো দেওয়া, বন্যপ্রাণী দর্শনসহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেন। সেসব মুহূর্তের ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে সবকিছুকে ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অনন্ত আম্বানির দেওয়া এক বিরল ও অত্যন্ত দামী ঘড়ি।
সূত্র অনুযায়ী, অনন্ত আম্বানি মেসিকে উপহার দিয়েছেন রিচার্ড মিলি আরএম০০৩-ভি২ জিএমটিটি ট্যুরবিলিয়ন এশিয়া এডিশন ঘড়ি। আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় ১২ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ১৪ কোটি টাকারও বেশি। এই ঘড়িটি এতটাই বিরল যে, বিশ্বজুড়ে এর মাত্র ১২টি কপি রয়েছে।
বনতারায় মেসির হাতে এই ঘড়ি দেখা যাওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা ও কৌতূহল। বিলাসবহুল এই উপহার শুধু তার দামের জন্যই নয়, বরং সীমিত সংস্করণের কারণে ঘড়িপ্রেমীদের কাছেও এটি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ভারত সফরের পুরো সময়জুড়ে মেসির সঙ্গে ছিলেন তার সতীর্থ রদ্রিগো দি পল ও সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ। সফরের বিভিন্ন পর্বে তাদের সঙ্গে অনন্ত আম্বানি ও তার স্ত্রী রাধিকা মার্চেন্টকেও দেখা যায়।
উল্লেখ্য, মেসির ব্যক্তিগত সংগ্রহশালায় এমনিতেই রয়েছে একাধিক দুষ্প্রাপ্য ও বিলাসবহুল ঘড়ি। তার কাছে রয়েছে ১৮ ক্যারেট সোনায় তৈরি রোলেক্স লে ম্যান্স, রোলেক্স জিএমটি মাস্টার ২, অডেমার্স পিগেট রয়্যাল ওক ‘জাম্বো’ এক্সট্রা থিন, এমনকি বিশেষ সংস্করণের বার্বি রোলেক্সও। তবু অনন্ত আম্বানির উপহার দেওয়া এই রিচার্ড মিলি ঘড়ি মেসির সংগ্রহে যোগ হলো নতুন এক অনন্য সংযোজন হিসেবে।
ভারত সফরের শেষ মুহূর্তের এই চমক মেসির ভক্তদের পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়া ও বিলাসবহুল ঘড়ি অঙ্গনেও আলাদা আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম