আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করার ঘটনায় ব্যাখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতেই বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগ জানাতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে। এ সময় ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার ঘোষণা দেওয়া “কিছু চরমপন্থী গোষ্ঠীর” কর্মকাণ্ডের বিষয়টি বিশেষভাবে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হয়।’
আরও বলা হয়, ‘বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে “চরমপন্থী মহল” যে ভুয়া বয়ান তৈরির চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। দুঃখজনকভাবে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব ঘটনার বিষয়ে এখনো পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করেনি কিংবা ভারতের সঙ্গে অর্থবহ কোনো তথ্যপ্রমাণও বিনিময় করেনি।’
বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছে মুক্তিযুদ্ধকালীন যৌথ সংগ্রামের মধ্য দিয়ে, যা পরবর্তী সময়ে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে আরও সুদৃঢ় হয়েছে।
এতে আরও বলা হয়, বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে রয়েছে ভারত এবং শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে নয়াদিল্লি।
‘কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন ভারতীয় মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে; এমনটাই অন্তর্বর্তী সরকারের কাছে ভারতের প্রত্যাশা,’ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে বুধবার(১৭ ডিসেম্বর) দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়।
উল্লেখ্য, ভারতে অবস্থানরত শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার চার দিন পর নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো।
রিপোর্টার্স২৪/এসসি