রিপোর্টার্স২৪ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে গভীর রাতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সিলেট জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ সদর ইউনিয়নের উত্তর গোয়াসপুর (পাতুরিয়া) এলাকায় একটি যাত্রী ছাউনির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর এলাকার জিতু মিয়ার ছেলে আব্দুল আহাদ (৪৩) এবং অপরজন রানাপিং এলাকার লাল মিয়ার ছেলে ছাব্বির (২১)।
দুর্ঘটনায় আহত হয়েছেন জুড়ি উপজেলার বাচিরপুর এলাকার আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (৩৫) ও গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ফাজিলপুর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে আরিফুল হক জয় (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেল গোলাপগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন মোটরসাইকেলের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহীই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আহাদ ও ছাব্বিরের মৃত্যু হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, মধ্যরাতে উত্তর গোয়াসপুর (পাতুরিয়া) এলাকায় যাত্রী ছাউনির সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় দু’জন মারা যান।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম