রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ২৭ মার্চ কাতারের দোহায় লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনালিসিমা ট্রফির চূড়ান্ত ম্যাচ, যেখানে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল। এই ম্যাচে বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল প্রথমবারের মতো ইন্টার মায়ামি ফরোয়ার্ড লিওনেল মেসির সঙ্গে খেলবেন।
উভয় দেশের ফুটবল ফেডারেশন এই খবর নিশ্চিত করেছে। ফাইনালিসিমা ট্রফির ইতিহাসে আর্জেন্টিনা গত ২০২২ সালে ওয়েম্বলিতে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তার আগের দু’টি ফাইনালিসিমা জিতেছিল যথাক্রমে ফ্রান্স (১৯৮৫) এবং আর্জেন্টিনা (১৯৯৩)।
২০২৪ সালে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে ফাইনালিসিমা খেলার যোগ্যতা অর্জন করে মেসির দল আর্জেন্টিনা, আর একই বছর ইউরো জিতে ফাইনালিসিমায় স্পেনের আবির্ভাব ঘটে। এখন পর্যন্ত স্পেন ও আর্জেন্টিনার মধ্যে মোট ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দুই দলের লড়াই সমান শক্তির দুই দলই জিতেছে ছয়টি করে ম্যাচ, এবং দুটি ম্যাচ ড্র হয়েছে।
ফাইনালিসিমার আগে প্রস্তুতির জন্য দুই দল একটি করে প্রীতি ম্যাচ খেলবে। স্পেন মিশরের বিপক্ষে মুখোমুখি হবে, আর আর্জেন্টিনা কাতারের বিপক্ষে ম্যাচ খেলবে।
ফুটবলপ্রেমীদের জন্য এটি হবে নিঃসন্দেহে এক উত্তেজনাপূর্ণ ম্যাচ, যেখানে নতুন তারকা ইয়ামাল ও লিজেন্ড মেসির লড়াই সবার নজর কাড়বে।
রিপোর্টার্স২৪/ঝুম