ঝালকাঠি প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে তাঁর স্মৃতি সংরক্ষণের দাবিতে শাহবাগে স্মৃতিস্তম্ভ নির্মাণের আহ্বান জানিয়েছে পরিবার।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় হাদির জন্মস্থানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি উত্থাপন করেন তাঁর ছোট বোনজামাই আমির হোসেন হাওলাদার।
তিনি বলেন, ‘হাদির রাজনৈতিক ও সামাজিক উত্থান শাহবাগ থেকেই। তাই সেই শাহবাগেই যেন তাঁর নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।’ একই সঙ্গে তিনি হাদির কাব্যগ্রন্থগুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এবং স্কুল-কলেজের পাঠ্যসূচিতে তাঁর জীবনী সংযোজনের দাবি জানান।
আমির হোসেন হাওলাদার বলেন, ‘সারাদেশের মানুষের হৃদয়ে হাদির প্রতি যে ভালোবাসা তৈরি হয়েছিল, তা হঠাৎ করে আসেনি। এটি ছিল তাঁর দীর্ঘদিনের সংগ্রাম ও ত্যাগের ফল। পরিবারের কাছে যেমন হাদি ছিল স্নেহের মানুষ, তেমনি এলাকাবাসীর কাছেও সে ছিল অত্যন্ত প্রিয়।’
হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘ওসমান হাদির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। হাদির মতো মেধাবী ও সাহসী মানুষ আগামী ৫০-৫৫ বছরেও জন্মাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।’
দাফনের বিষয়ে তিনি জানান, পরিবারের পক্ষ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ঢাকায় মরদেহ পৌঁছানোর পর দাফনের স্থান নির্ধারণ করা হবে। তবে হাদির লেখালেখিতে উল্লেখ ছিল, তাঁকে যেন বাবার কবরের পাশেই দাফন করা হয়। পরিবার সেই ইচ্ছাকে সম্মান জানানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
রিপোর্টার্স২৪/আয়েশা