চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে সেখানে নিরাপত্তা বলয় তৈরি করেছে সেনাবাহিনী।
শুক্রবার সকাল ৭টা থেকে সেনাবাহিনীর আটটি টিম হাইকমিশন ও ওই এলাকা সংলগ্ন জাকির হোসেন রোডে অবস্থান নিয়েছে। সড়কের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে। একই সঙ্গে ১০০ গজের মধ্যে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
নিরাপত্তায় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর সদস্যরাও মোতায়েন রয়েছেন। সড়কে ব্যারিকেডের কারণে জাকির হোসেন রোডসহ আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
দুপুর সাড়ে ১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সতর্ক অবস্থানে দেখা যায়। কাউকে ওই এলাকায় জড়ো হতে দেওয়া হয়নি।