রিপোর্টার্স২৪ ডেস্ক: সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলার ঘটনার প্রতিবাদে জাতীয় সংগীতসহ দেশাত্মবোধক গান পরিবেশন করে প্রতিবাদ জানিয়েছেন নালন্দা ও ছায়ানট বিদ্যায়তনের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং সংস্কৃতিকর্মীরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডিতে অবস্থিত ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীতসহ কয়েকটি গান পরিবেশন করা হয়।
প্রতিবাদী আয়োজনে অংশ নিয়ে সংস্কৃতিকর্মী আরিফ নূর বলেন, ‘রাতে ছায়ানটে যে ন্যক্কারজনক হামলা হয়েছে, তার প্রতিবাদে এটি আমাদের তাৎক্ষণিক সাংস্কৃতিক প্রতিক্রিয়া। সহিংসতার বিপরীতে আমরা গান দিয়েই আমাদের অবস্থান জানাতে চাই।’
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর (একাংশ) সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, ‘ছায়ানটে হামলার খবর পাওয়ার পর থেকেই অনেকে উৎকণ্ঠা নিয়ে সকাল থেকে এখানে জড়ো হয়েছেন। আমরাও এসেছি। তাৎক্ষণিকভাবে শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরা সম্মিলিতভাবে গান গেয়ে প্রতিবাদ জানাচ্ছি।’
আয়োজনে অংশগ্রহণকারীরা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
রিপোর্টার্স২৪/আয়েশা