রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।
বিএনপির মিডিয়া সেল সূত্রে জানানো হয়, নির্ধারিত সময়েই কাতার এয়ারলাইন্সের বিমানে করে লন্ডনের পথে যাত্রা করেন ডা. জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনে তিনি সম্প্রতি ঢাকায় এসেছিলেন।
বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল বোর্ড। বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
তিনি আরও বলেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়া নিয়মিত চিকিৎসা গ্রহণ করছেন। সম্প্রতি তার শরীরে একটি ছোট ধরনের চিকিৎসা-প্রক্রিয়া (প্রসিজর) সম্পন্ন করা হয়েছে, যা তিনি সফলভাবে সহ্য করেছেন। বর্তমানে তার অবস্থার কোনো অবনতি হয়নি।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে নানা শারীরিক জটিলতা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে।
রিপোর্টার্স২৪/ঝুম