ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ারকে (৬৫) রবিবার (২১ ডিসেম্বর) কারাগারে পাঠিয়েছেন আদালত। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতের বিচারক মো. সিফাত উল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাবেক এই এমপি ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের ডামি নির্বাচনে ঈগল প্রতীকে অংশ নেয়ার কারণে বিএনপি থেকে বহিষ্কার হয়েছিলেন। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালতে আত্মসমর্পণ করেন।
ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক (ওসি) শেখ মো. মোস্তাসিনুর রহমান বলেন, আত্মসমর্পণের পর আদালতের নির্দেশে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, চলতি বছরের ১৫ এপ্রিল শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর দেবপুর গ্রামের মো. আমীর হোসেন বাদী হয়ে ফুলপুর পৌর এলাকায় ঘটনার অভিযোগে মামলা দায়ের করেন। ২৩ জুন আদালতের নির্দেশে ফুলপুর থানা পুলিশ মামলাটি এফআরআইভূক্ত করেন। এরপর থেকে আসামিরা পলাতক ছিলেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনার দিন শাহ শহীদ সারোয়ারের নেতৃত্বে আসামিরা বিস্ফোরণ দ্রব্য ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে ককটেল ও গুলিবর্ষণ করেন। এতে বাদী মারাত্মকভাবে আহত হন।
রিপোর্টার্স২৪/আয়েশা