সিনিয়র রিপোর্টার: শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় শহীদ হাদি চত্বর (শাহবাগ) থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হবে। রবিবার (২১ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ কর্মসূচির বিস্তারিত ঘোষণা দেওয়া হয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
ঘটনার সূত্রপাত ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে ঘটে। দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে তার মাথায় গুলি চালায়। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। সেখানেই ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
হাদিকে গুলির ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি