স্টাফ রিপোর্টার: ঘন কুয়াশার কারণে দেশের প্রধান নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল রাত ১০টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় নদীপারের যাত্রী ও যানবাহনের চালকরা তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট অস্পষ্ট হওয়ায় দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক নূর আহাম্মদ বলেন, কুয়াশা কমলেই ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হবে। বর্তমানে যানবাহনের চাপ কম থাকায় কোনো দীর্ঘ লাইন নেই। এ রুটে ছোট-বড় মিলিয়ে মোট ১০টি ফেরি চলাচল করে।
রিপোর্টার্স২৪/বাবি