রিপোর্টার্স২৪ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেফতার ১৫ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২২ ডিসেম্বর) ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, প্রথম আলো কার্যালয়ে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা গুরুতর অপরাধ। মামলায় এমন ধারায় অভিযোগ আনা হয়েছে, যা জামিনযোগ্য নয়। হামলায় জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ আর্কাইভসহ প্রায় ৩২ কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ও অন্যান্য প্রমাণে গ্রেফতার আসামিদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, নির্দিষ্ট অভিযোগ ছাড়া অনেককে গ্রেফতার করা হয়েছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত মামলা উল্লেখ করে তারা জামিন চান।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে ২০–৩০ জন দুষ্কৃতকারী প্রথম আলো কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে সামাজিক মাধ্যমে উসকানির মাধ্যমে লোকসংখ্যা বেড়ে ৩৫০–৪৫০ জনে দাঁড়ায়। তারা ভবনে ঢুকে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়।
হামলায় দেড় শতাধিক কম্পিউটার ও ল্যাপটপ, সার্ভার রুম, গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। নগদ অর্থ ও বই লুট করা হয়। ফায়ার সার্ভিসকে বাধা দেওয়ায় আগুন নিয়ন্ত্রণে বিলম্ব ঘটে।
এ ঘটনায় প্রথম আলোর ছাপা সংস্করণ ১৯ ডিসেম্বর প্রকাশিত হয়নি এবং অনলাইন কার্যক্রম প্রায় ১৭ ঘণ্টা বন্ধ ছিল।
পুলিশ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে লুণ্ঠিত অর্থ ও মালামালের অংশ উদ্ধার করা হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি