বেনাপোল প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে যশোরের বেনাপোলে ‘লিডার আসছে’ স্লোগানে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় বেনাপোল বল ফিল্ড থেকে শুরু হওয়া মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
মিছিলে শার্শা উপজেলা বিএনপি ও বেনাপোল পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করা এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করতেই এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। তারা আগামী জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/বাবি