ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্ববাজারে সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। বুধবার (২৪ ডিসেম্বর) প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে রুপা ও প্লাটিনামের দামও ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
স্পট মার্কেটে বুধবার সোনার দাম এক সময়ে ৪,৫২৫ ডলারে রেকর্ড গড়ে। পরবর্তীতে দাম সামান্য কমে প্রতি আউন্স ৪,৪৯২ ডলারে দাঁড়ায়। রুপার দামও বৃদ্ধি পেয়ে ৭২ ডলারের বেশি রেকর্ড করেছে, যা সর্বকালের সর্বোচ্চ। প্লাটিনামের দামও ইতিহাস গড়েছে এবং ২,৩৭৭ ডলারে পৌঁছেছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রের সুদহার কমার সম্ভাবনা এবং নিরাপদ বিনিয়োগের চাহিদা বৃদ্ধির কারণে বিনিয়োগকারীরা সোনাসহ মূল্যবান ধাতুর দিকে ঝুঁকছেন। একজন বিশ্লেষকের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান উত্তেজনা এবং বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকির কারণে বিনিয়োগকারীরা এমন সম্পদে আগ্রহী, যা রাষ্ট্রীয় ঝুঁকি তুলনামূলকভাবে কম।
চলতি বছরে সোনার দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে, যা ১৯৭৯ সালের পর সর্বাধিক বার্ষিক উল্লম্ফন হিসেবে বিবেচিত। রুপার দামও ১৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা ধারণা করছেন, আগামী ছয় থেকে বারো মাসের মধ্যে সোনার দাম ৫ হাজার ডলার এবং রুপার দাম ৮০ ডলারে পৌঁছাতে পারে।
সূত্র: রয়টার্স
রিপোর্টার্স২৪/ঝুম