রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ বিভিন্নভাবে এবং ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর চেষ্টা করছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইসি আগামী ১২ ফেব্রুয়ারি ভোট আয়োজন করতে চাচ্ছে। আমরা চাই নির্বাচনের তারিখ যথাযথভাবে বজায় থাকুক। আওয়ামী লীগ ও ভারত বিভিন্নভাবে দেশের স্থিতিশীলতা বিঘ্নিত করে ভোট পেছানোর চেষ্টা করছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের কিছু আঞ্চলিক অফিসে বিশৃঙ্খলা লক্ষ্য করা গেছে। এনসিপি এ বিষয়ে ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছে। তবে সিইসি জানিয়েছে, তারা সক্ষমতা বৃদ্ধি করছে এবং তিনটি বাহিনীর সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছে।
নাসীরুদ্দীন আরও বলেন, আশঙ্কা তো বাংলাদেশে সবসময় থাকে। তবে আমরা বারবার ইসি-কে জানিয়েছি যাতে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হয় এবং কোনো ছোট ভুল থেকে তারিখ পিছিয়ে না যায়। আমাদের প্রার্থীরা নির্বাচন কমিশনের বিধিমালা মেনে চলবেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি উল্লেখ করেন,এনসিপি শাপলা-কলে প্রতীকে নির্বাচন করবে এবং অন্য দলের প্রতীকে ভোট দেবেন না। এ সময় এনসিপি যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি