রিপোর্টার্স২৪ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, কোনো পক্ষ অতিরিক্ত সুযোগ-সুবিধা পেলে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় থাকে না।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে জামায়াতের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, আজ আমাদের মূল দৃষ্টি ছিল আচরণবিধির দিকে। কেউ অনেক সুযোগ-সুবিধা পাবেন, কেউ পাবেন না এটা তো লেভেল প্লেয়িং ফিল্ড হলো না।
এহসানুল মাহবুব দাবি করেন, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা সারা দেশে পোস্টার ও ব্যানার সরিয়ে নিয়েছেন। তবে বিভিন্ন এলাকায় অন্য পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, এসব বিষয় নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে। একই সঙ্গে আচরণবিধি বাস্তবায়নে আরও সক্রিয় ভূমিকা রাখার জন্য ইসিকে অনুরোধ জানানো হয়েছে।
বৈঠকে জামায়াতের প্রতিনিধিরা অভিযোগ করেন, কোনো কোনো রাজনৈতিক দল সহায়তা কার্ড বিতরণ ও নানা প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে নির্বাচনি প্রচারে আচরণবিধি লঙ্ঘন করছে। এসব ক্ষেত্রে কমিশনের কঠোর ও নিরপেক্ষ পদক্ষেপ প্রয়োজন বলে মত দেন তারা।
রিপোর্টার্স২৪/এসসি