কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে এক সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় উদ্ধার হওয়া মোটরসাইকেল থানায় জব্দ থাকলেও অভিযুক্ত ছিনতাইকারীকে রহস্যজনকভাবে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে মধুপুর থানা পুলিশের বিরুদ্ধে।
ভুক্তভোগী মো. আশিক (৩৫) কালিহাতী উপজেলার দ্বিমুখা গ্রামের বাসিন্দা। অভিযোগে বলা হয়, পূর্বশত্রুতার জেরে গত ১৯ ডিসেম্বর বিকেলে মধুপুর থানাধীন গোপদ গ্রামের এতিমখানা সংলগ্ন বিজয় ইটভাটার সামনে তাকে জোরপূর্বক অবরুদ্ধ করে মোটরসাইকেল ছিনতাই করেন একই গ্রামের আলামিন হোসাইন বাবু (৩২)।
ঘটনার পর আশিক মধুপুর থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তসহ ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করে। উদ্ধারকালে অভিযুক্তের কাছ থেকেই মোটরসাইকেলের চাবি পাওয়া যায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
তবে পরদিন সকালে ভুক্তভোগী জানতে পারেন, অভিযুক্তের মৌখিক অভিযোগের ভিত্তিতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, যদিও মোটরসাইকেলটি থানায় জব্দ রাখা হয়েছে। এতে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান আশিক।
তিনি বলেন, অপরাধী প্রকাশ্যে ছিনতাই করেছে, পুলিশ উদ্ধার করেছে, অথচ তাকেই ছেড়ে দেওয়া হলো। পরিবার নিয়ে ভয়ে দিন কাটাচ্ছি।
ন্যায়বিচার না পেয়ে ভুক্তভোগী টাঙ্গাইলের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তকে আইনের আওতায় আনা এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহলের মতে, দ্রুত নিরপেক্ষ আইনানুগ ব্যবস্থা না নিলে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি