স্টাফ রিপোর্টার: যুক্তরাজ্য থেকে ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া ১২টায় তিনি বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথরো বিমানবন্দর ত্যাগ করেছেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবাহিনী জানিয়েছে, ফ্লাইটটি বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
বিএনপি সূত্রে জানানো হয়েছে, দেশে ফেরার পর প্রথম তিন দিনে তারেক রহমান যে কর্মসূচিতে অংশ নেবেন তা প্রকাশ করেছেন দলের নেতা সালাহউদ্দিন আহমদ।
প্রথম দিন, ২৫ ডিসেম্বর, বিমানবন্দরে নামার পর দলের জ্যেষ্ঠ নেতারা তাকে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে সংলগ্ন ৩০০ ফিট রাস্তায় সংবর্ধনা সভায় অংশ নিয়ে নেতাকর্মীদের ধন্যবাদ ও দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন। এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখান থেকে গুলশান-২ নম্বরে বাসভবনে ফিরবেন। ওইদিন আর কোনো অনুষ্ঠান থাকছে না।
দ্বিতীয় দিন, ২৬ ডিসেম্বর, জুমার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
তৃতীয় দিন, ২৭ ডিসেম্বর, রাজধানীতে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাজ সম্পন্ন করবেন এবং ভোটারের কাজ শেষ করবেন। এরপর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন। একই দিন শ্যামলীতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে যাবেন। এরপর আরেকটি অনুষ্ঠানও রয়েছে, যার বিস্তারিত পরে জানানো হবে।
রিপোর্টার্স২৪/বাবি