রিপোর্টার্স২৪ ডেস্ক: বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগেরদিন ঘটল বিরল ও অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছেড়ে দিয়েছে মালিকপক্ষ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিসিবিকে পাঠানো এক চিঠিতে চট্টগ্রাম রয়্যালসের মালিক কাইয়ুম রশিদ জানিয়েছেন, তারা আর মালিকানা রাখতে চান না। চিঠিতে আর্থিক সংকটকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এবার দলটির মালিকানা বুঝে নিয়েছে বিসিবি।
এর আগে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির পাঠানো চিঠিতে বিসিবিকে দলের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। এরপর বিপিএলের কর্মকর্তারা দলের সিনিয়র খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে চট্টগ্রাম দলের মালিকানা বুঝে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। ঢাকা পোস্টকে বৈঠকে উপস্থিত থাকা কোচিং স্টাফের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
ফলে এখন থেকে চট্টগ্রাম দলের সবকিছু দেখভাল করবে বিসিবি। এমনকি ইতোমধ্যেই রয়্যালসের স্কোয়াডে বিদেশি ক্রিকেটার ভেড়ানোর তোড়জোড়ও শুরু হয়েছে বলে জানা গেছে। বিসিবি দল বুঝে নেওয়ার খবরটি খেলোয়াড়দের জন্য স্বস্তির বিষয়। কারণ এর আগে নানা কর্মকাণ্ডে ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষ সমালোচিত ছিল।
আগামীকাল (২৬ ডিসেম্বর) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের পর্দা উঠবে। সুষ্ঠু ও পরিচ্ছন্নভাবে এবার ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের আশা থাকলেও, বিসিবিকে আসর শুরুর আগেই বিপত্তিতে পড়তে হলো। এর আগে নিলামে চমক দেখিয়ে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম রয়্যালস।
বিপিএলের উদ্বোধনী দিনেই রয়েছে দুটি ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম ম্যাচে মাঠে নামার আগে এখনও সব সরঞ্জাম বুঝে পায়নি দলটি। এছাড়া প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়া দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস কখন ক্যাম্পে যোগ দেবেন, তাও অনিশ্চিত।
দিন দুয়েক আগে হঠাৎ করে চট্টগ্রাম রয়্যালসের তিন বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছিলেন। তারা হলেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা।
জানা গেছে, পারিশ্রমিক না পাওয়ায় বিপিএল খেলতে আসতে চাচ্ছিলেন না বিদেশি ক্রিকেটাররা। কারণ চট্টগ্রাম রয়্যালস ব্যাংক গ্যারান্টির পুরো টাকাও দেয়নি। নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক দিতে হয়। তবে এর আগে চট্টগ্রাম রয়্যালস ফি এবং ব্যাংক গ্যারান্টি বাবদ বিসিবির সব পাওনা পরিশোধ করা নিয়ে প্রশ্ন ওঠে। বিসিবি জানায়, তারা অর্থ পরিশোধের শর্ত পূরণ করেছে।
রিপোর্টার্স২৪/ঝুম