রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে।
ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রিটার্নিং অফিসার আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
গত ১১ ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ঢাকা-১৫ আসন থেকে বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনসহ অন্তত এক ডজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে।
এদিকে একই দিনে ঢাকা-১৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকা-১৩ ও ঢাকা-১৫—এই দুই আসন মিলিয়ে এখন পর্যন্ত মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রিপোর্টার্স২৪/এসসি