সিনিয়র রিপোর্টার: স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী আশা প্রকাশ করেছেন, তার প্রত্যাবর্তন দেশের কল্যাণে নিবেদিত হোক।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ফেসবুকে ভেরিফাইড পেজে ড. আজহারী লিখেছেন, সুদীর্ঘ ১৮ বছর পর জনাব তারেক রহমান সপরিবারে দেশে ফিরেছেন। প্রিয় জন্মভূমিতে আপনাকে স্বাগতম। দেশের কল্যাণে নিবেদিত হোক আপনার এই প্রত্যাবর্তন। মসৃণ হোক আপনার আগামীর পথচলা।
বেলা ১১টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী ফ্লাইট। এটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকায় আসে।
বিমানবন্দর থেকে বের হয়ে তিনি পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন এবং সেখানে দেশের নাগরিক ও নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন। অনুষ্ঠান শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন।
রিপোর্টার্স২৪/এসসি