রিপোর্টার্স২৪ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে বলতে চাই দেশের মানুষের জন্য আমার পরিকল্পনা আছে। আই হ্যাভ অ্যা প্ল্যান। এ জন্য প্রতিটি গণতন্ত্রকামী মানুষের সহযোগিতা লাগবে। তখনই এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামীতে ক্ষমতায় এলে মহানবী (সা.) এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবো। যে কোনো মূল্যে দেশের শৃঙ্খলা রক্ষা করতে হবে, যাতে মানুষ নিরাপদে থাকতে পারে। আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। এজন্য মহান আল্লাহর রহমত প্রয়োজন। তিনি রহমত দিলে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবো।
তারেক রহমান আরও বলেন, বিভিন্ন আধিপত্যশক্তি এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সম্প্রতি ওসমান হাদিকে হত্যা করা হয়েছে; তিনি গণতান্ত্রিক অগ্রযাত্রার সৈনিক ছিলেন। তাই আমাদের ধৈর্য ধারণ করতে হবে। তরুণদের এক হতে হবে, যাতে সুন্দরভাবে দেশ গড়া সম্ভব হয়।
তিনি বলেন, এ দেশে পাহাড় ও সমতলের মানুষ রয়েছেন। আমরা সবাইকে নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে নারী ও শিশু নিরাপদে ঘর থেকে বের হয়ে আবার ফিরে আসতে পারবে।
সংবর্ধনা অনুষ্ঠানে শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সুলতান সালাহ উদ্দিন টুকু যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত বক্তব্য রাখেন। স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মঞ্চে তারেক রহমানকে শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আনুষ্ঠানিকতার পর দুপুর ১২টা ৩৫ মিনিটে তার গাড়িবহর ৩০০ ফিট সংবর্ধনা মঞ্চে রওনা হয়। পথে লাখো মানুষ উপস্থিত হয়ে তাকে স্বাগত জানায়। গাড়িবহর মঞ্চে পৌঁছাতে তিন ঘণ্টারও বেশি সময় লাগে।
এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডন থেকে পরিবারের সঙ্গে দেশে ফেরেন তারেক রহমান। বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, এক ঘণ্টার যাত্রাবিরতির পর ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
রিপোর্টার্স২৪/এসএন