সিনিয়র রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের বাসায় পৌঁছেছেন। বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়িটি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ির সামনে আসে। গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান ছিলেন।
এর আগে অসুস্থ মা খালেদা জিয়াকে দেখতে বিকেল ৫ টা ৫৪ মিনিটে এভারকেয়ার হাসপাতাল প্রবেশ করেন তিনি। খালেদা জিয়াকে দেখে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হন তারেক রহমান। এ সময় তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছিলেন।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িটি আগেই প্রস্তুত করা ছিল। সেখানে থাকবেন তিনি। ১৯৬ নম্বর বাড়িটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’র পাশে অবস্থিত।
বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
এর আগে, সকাল ৯টা ৫৮ মিনিটে ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রিপোর্টার্স২৪/এসসি