ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির মতলব উপজেলার হরিনাঘাটা এলাকায় মেঘনা নদীতে দুই যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে, ঘন কুয়াশার মধ্যে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভা শেষে ঝালকাঠি বিএনপির কিছু নেতাকর্মী ‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চে করে ঝালকাঠিতে ফিরছিলেন। বিপরীত দিক থেকে আসা ‘জাকির সম্রাট-৩’ লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মুহূর্তের মধ্যে দুটি লঞ্চ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষের স্থলেই ৬ জনের মৃত্যু হয়। আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহ্মেদ জানান, ‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ও নৌ পুলিশ দ্রুত লঞ্চঘাটে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর ওই লঞ্চ জব্দ করা হয় এবং দায়িত্বে থাকা ৪ জন স্টাফকে আটক করা হয়েছে।
নৌ পরিবহন কর্তৃপক্ষ উভয় লঞ্চের রুট পারমিট সাময়িকভাবে বাতিল করেছে। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৮ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন শনিবার সকালেই ঝালকাঠির নলছিটি লঞ্চঘাটে উপস্থিত থেকে লঞ্চঘাট উদ্বোধন করবেন। লঞ্চঘাটটি শহীদ ওসমান বিন হাদীর নামে নামকরণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/আয়েশা