রিপোর্টার্স২৪ ডেস্ক: পিলখানা ট্র্যাজেডিতে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে গিয়ে তিনি শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
কবর জিয়ারতকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
এ ছাড়া বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা ও অ্যাডভোকেট মেহেদুল ইসলাম মেহেদী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর পরিচালক ডা. শাহ্ মুহাম্মদ আমান উল্লাহ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা শহীদ হন। দেশের ইতিহাসে অন্যতম বেদনাদায়ক এই ঘটনায় জাতি হারায় অনেক সাহসী ও দক্ষ সেনা কর্মকর্তাকে।
রিপোর্টার্স২৪/আয়েশা