সিনিয়র রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে ডা. তাজনূভা জাবীন জানান, জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোটের সিদ্ধান্তের চেয়েও জোট গঠনের পুরো প্রক্রিয়া তাঁর পদত্যাগের মূল কারণ। তিনি অভিযোগ করেন, কোনো সাধারণ সভা বা নির্বাচন কমিশনের বৈঠকের সিদ্ধান্ত ছাড়াই পরিকল্পিতভাবে এই জোট চূড়ান্ত করা হয়েছে, যার ফলে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের বড় একটি অংশ নির্বাচন করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
তিনি আরও বলেন, মাত্র কিছুদিন আগে সারাদেশ থেকে মনোনয়ন সংগ্রহের আহ্বান জানিয়ে ১২৫ জনকে মনোনয়ন দেওয়া হলেও শেষ মুহূর্তে মাত্র ৩০টি আসনে সমঝোতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে বাকি প্রার্থীদের স্বতন্ত্র নির্বাচন করার সুযোগও কার্যত বন্ধ হয়ে গেছে বলে তিনি দাবি করেন।
নিজেকে এনসিপির একজন প্রতিষ্ঠাতা সদস্য উল্লেখ করে তাজনূভা জাবীন বলেন, দল শুরু থেকেই গণপরিষদ, দ্বিতীয় প্রজাতন্ত্র, মধ্যপন্থা, নারী ও বিভিন্ন জাতিসত্তার প্রতিনিধিত্বের রাজনীতির কথা বললেও বাস্তবে সেই নীতির প্রতিফলন ঘটেনি। তাঁর অভিযোগ, দলের ভেতরে শীর্ষ নেতৃত্বের মধ্যে পারস্পরিক অবিশ্বাস, গোষ্ঠীদ্বন্দ্ব এবং ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিই প্রাধান্য পেয়েছে।
জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি যদি নিজস্ব রাজনৈতিক স্বকীয়তা নিয়ে দাঁড়াতে পারত, তাহলে ভবিষ্যতে যে কোনো জোট গ্রহণযোগ্য হতে পারত। কিন্তু প্রথম নির্বাচনেই এমন একটি জোটে যাওয়াকে তিনি দলের আদর্শ ও বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেন।
পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর অংশ নেবেন না। একই সঙ্গে তাঁর কাছে পাওয়া সব ধরনের অনুদান দাতাদের কাছে পর্যায়ক্রমে ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেন।
ডা. তাজনূভা জাবীন বলেন, রাজনীতিতে তাঁর পথচলা অব্যাহত থাকবে এবং গণতান্ত্রিক পরিবর্তন ও মধ্যপন্থার বাংলাদেশপন্থী নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে তিনি কাজ করে যাবেন।
রিপোর্টার্স২৪/এসসি