জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গাজী জাহিদ হাসান (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত গাজী জাহিদ হাসান জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. নুরুল ইসলামের ছেলে এবং বহিষ্কৃত যুবদল নেতা।
রোববার (২৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের (৩৬ এডি) নেতৃত্বে যৌথ বাহিনীর একটি বিশেষ দল এ অভিযান চালায়।
চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, জেলার জীবননগর উপজেলা পৌরসভার মডেল মসজিদের পাশে অবস্থিত গাজী জাহিদ হাসানের মালিকানাধীন জাহিন সাইকেল শোরুমে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় গাজী জাহিদ হাসানের কাছ থেকে যৌথ বাহিনী একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড অ্যামুনিশন (গুলি), একটি স্মার্টফোন, ১১টি সিম কার্ড এবং একটি ব্যাটন উদ্ধার করে। পরে তাকে জীবননগর থানায় সোপর্দ করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন