সিনিয়র রিপোর্টার: বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত রাজধানীতে বৃষ্টি হয়। বৈরী আবহাওয়ার কারণে বাজারে ক্রেতাও কম। তাই বিক্রিও তুলনামূলক কম। এ সময় বাজারে সবজির দামের ঊর্ধ্বগতির আশঙ্কা থাকলেও দাম স্থিতিশীল রয়েছে। সরবরাহে ঘাটতি না থাকায় প্রায় সব পণ্য বিক্রি হচ্ছে আগের দামেই। এছাড়া মুরগির দামও কেজিতে ১০ টাকা কমেছে। পাশাপাশি ডিমের দামও কমেছে। তবে গরুর মাংস ও মাছ আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে।
শুক্রবার (১৬ মে) রাজধানীর খিলক্ষেত, ভাটারা, রামপুরা, মালিবাগ, উত্তরা ও মোহাম্মদপুরসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে ।
সরেজমিনে দেখা যায়, বাজারের অধিকাংশ সবজি ৪০ থেকে ৬০ টাকার মধ্যে। আবার বাজার ভেদে কেজিতে ৫ থেকে ১০ টাকা ব্যবধান রয়েছে। কাঁচা মরিচ ৭০ থেকে ৮০ টাকা, প্রতি কেজি ধুন্দল ৬০ থেকে ৭০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, ঝিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা, করলা ৬০ থেকে ৭০ টাকা, প্রতি পিস লাউ ৫০ থেকে ৬০ টাকা, কাঁচা পেঁপে ৩৬ থেকে ৪০ টাকা করে বিক্রি হচ্ছে।
সরেজমিনে আরও দেখা যায়, সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে। বাজারে এখন ব্রয়লার ১৬০ থেকে ১৭০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। সোনালি ২৬০ থেকে ২৭০ টাকা। যা গত সপ্তাহে ছিলো ২৭০ থেকে ২৮০ টাকা । এছাড়া গরুর মাংসের কেজি ৭৮০ থেকে ৮০০ টাকা, গরুর কলিজা ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংসের কেজি ১১৫০ থেকে থেকে ১ হাজার ২০০ টাকা।
এদিকে ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা। যা গত সপ্তাহে ছিলো ১৪০ থেকে ১৫০ টাকা । আগের দামে ২৫ টাকা কেজি বিক্রি হচ্ছে আলু। দেশি পেঁয়াজের কেজি ৫৫ থেকে ৬০ টাকা । চায়না আদার কেজি ২৬০ থেকে ২৮০ টাকা, দেশি রসুন ১০০ থেকে ১২০ টাকা এবং ইন্ডিয়ান রসুন ১৭০ থেকে ২০০ টাকা। এছাড়া চাল আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। তবে নতুন চালের দাম কিছুটা কম।
এদিকে মাছ আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। বাজার ভেদে প্রতি কেজি রুই ৩০০ থেকে ৩৫০ টাকা, কাতল ৩৪০ থেকে ৪০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, টেংরা ৬০০-৭০০ টাকা, চাষের কৈ ২০০ থেকে ২৫০ টাকা, চাষের পাঙাশ মানভেদে ১৭০ থেকে ২২০ টাকা ও তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
ভাটারা নুরেরচালা বাজারের সবজি বিক্রেতা শুভ্র বলেন, বৃষ্টির কারণে বাজারে ক্রেতা কম। তাই বিক্রিও কম। তবে সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় আগের দামেই বিক্রি হচ্ছে। শুধু টমেটোর দামটা একটু বেড়েছে।
খিলক্ষেত বাজারে বাজার করতে আসা ডলি বেগম বলেন, সবজি ও মুরগির বাজারে কিছুটা স্বস্তি। বৃষ্টি থাকায় বাজারে ক্রেতা কম। তাই সবজির দাম কিছুটা কম। অন্যান্য নিত্যপণ্যের দামতো বেশি।
রিপোর্টাস২৪/এসএমএন