স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময় আর বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টায় মনোনয়নপত্র জমার সময়সীমা শেষ হওয়ার পর এই সিদ্ধান্তের কথা জানায় ইসি।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আর বাড়ছে না। নির্ধারিত তফশিল অনুযায়ী আজই ছিল শেষ দিন।’
ইসি সূত্র জানায়, তফশিল অনুযায়ী সোমবার বিকেল ৫টা পর্যন্ত সারাদেশের আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয়গুলোতে রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। শেষ দিনে দেশের বিভিন্ন আসনে প্রধান রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতিতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
সারাদেশে মোট কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, সারা বাংলাদেশ থেকে তথ্য আসার প্রক্রিয়া চলছে। এসব তথ্য সংগ্রহ ও সংকলন করতে কিছুটা সময় লাগবে। আশা করছি আজ রাত ১০টার দিকে আমরা চূড়ান্ত পরিসংখ্যান জানাতে পারব।
নির্বাচনি সময়সূচি অনুযায়ী, জমা পড়া মনোনয়নপত্রগুলোর যাচাই-বাছাই শুরু হবে আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর), যা চলবে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। যাচাই-বাছাই শেষে আপিল দায়ের ও নিষ্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
রিপোর্টার্স২৪/এসসি