স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের প্রায় সব অঞ্চলে ঘন কুয়াশার কারণে আজ সূর্যের দেখা মেলেনি। এ অবস্থায় মঙ্গলবার শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে এ তথ্য জানান তিনি।
শাহনাজ সুলতানা বলেন, আগামীকাল (মঙ্গলবার) তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। তবে শীত বাড়লেও কুয়াশা কিছুটা কমতে পারে। সেক্ষেত্রে শেষ বিকেলে সূর্যের দেখা মিললেও মিলতে পারে। যদি সেটা না হয়, তাহলে হয়তো পরশু সূর্য দেখা যেতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এদিকে, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুক পেজে রোববার (২৮ ডিসেম্বর) দেওয়া এক বার্তায় জানিয়েছেন, শৈত্যপ্রবাহ ‘কনকন’ ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৭ জানুয়ারি পর্যন্ত অথবা ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে।
শৈত্যপ্রবাহটি সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকায়। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর ও আশপাশের এলাকাতেও শৈত্যপ্রবাহের প্রভাব তুলনামূলকভাবে বেশি অনুভূত হতে পারে।
অন্যদিকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় শৈত্যপ্রবাহের প্রভাব কম থাকতে পারে। যদিও দেশের উপকূলীয় অঞ্চল, ঢাকা শহর, কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রামে শীত অনুভূত হবে, তবে এসব এলাকায় শৈত্যপ্রবাহ তেমন সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে। শৈত্যপ্রবাহ চলাকালে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের কিছু জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, পাবনা, বগুড়া, নাটোর, নড়াইল, যশোর, ফরিদপুর, গোপালগঞ্জ, মাগুরা ও রাজবাড়ীসহ আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এসব এলাকায় শৈত্যপ্রবাহ অপেক্ষাকৃত আগেই শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব