রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী ৩১ ডিসেম্বর (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এই ছুটিতে জরুরি পরিষেবাসংক্রান্ত প্রতিষ্ঠান ও কার্যক্রম চালু থাকবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী বুধবার নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলো। এদিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
তবে জরুরি পরিষেবা হিসেবে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন।
এছাড়া হাসপাতাল ও অন্যান্য জরুরি চিকিৎসা সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও কর্মীরাও ছুটির আওতামুক্ত থাকবেন। ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিত যানবাহন ও কর্মীরাও এই ছুটির আওতায় পড়বেন না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতা বহির্ভূত থাকবে। ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। একইভাবে আদালতের কার্যক্রম সম্পর্কে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
রিপোর্টার্স২৪/এসসি