সিনিয়র রিপোর্টার: আগামীকাল বুধবার বাদ জোহর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজা সম্পন্ন হবে। এভারকেয়ার হাসপাতাল থেকে মরহুমার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনার রুট ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ বহনকারী কনভয় ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করবে। এরপর নৌ সদর দপ্তর হয়ে বাসভবন ফিরোজা, গুলশান-২, কামাল আতাতুর্ক এভিনিউ, এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট ও বিজয় সরণি হয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে পৌঁছাবে। সেখান থেকে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশ করবে।
আরও জানানো হয়, মরদেহ বহনকারী কনভয়ের যাতায়াতের সময় সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এ সময় জনসাধারণকে ধৈর্য ধারণ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব