ফেনী প্রতিনিধি : ফেনীতে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। শীত নিবারণে গরম কাপড় কিনতে ব্যস্ত হয়ে পড়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য ভরসা হয়ে উঠেছে ফেনী শহরের রাজাঝির দীঘির পাড়ের ফুটপাত ও ভাসমান দোকান বা হকারদের বিক্রি করা পুরোনো ও নতুন গরম কাপড়।
সরেজমিনে দেখা যায়, রাজাঝির দীঘির পাড়ে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই আছে। বিক্রেতারা ক্রেতা দেখলেই হাঁকডাক শুরু করছেন। কেউ শিশুদের শীতের পোশাক সাজিয়ে বসেছেন, আবার কারও দোকানে সব বয়সীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের গরম কাপড়। চারপাশে ভেসে আসছে বিক্রেতাদের পরিচিত ডাক—‘চাই লন, বাছি লন’।
এই হাঁকডাকে আকৃষ্ট হয়ে পথচারীরাও ভিড় করছেন। দীর্ঘ সময় ধরে বাছাবাছি করলেও দোকানিরা বিরক্ত হন না। বেশির ভাগ বিক্রেতাই গার্মেন্টসের স্টক লটের পোশাক বিক্রি করছেন। সোয়েটার ও জ্যাকেটের পাশাপাশি বিক্রি হচ্ছে কানটুপি, মাফলার, হাতমোজা, ট্রাউজারসহ নানা ধরনের শীতের পোশাক।
ক্রেতারা জানান, অন্যান্য বছরের তুলনায় এবার গরম কাপড়ের দাম কিছুটা বেশি। পরিবারের জন্য কাপড় কিনতে এসে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে দেখতে হচ্ছে। এ বিষয়ে রাজাঝির দীঘির পাড়ের দোকানি মন্নান বলেন, গত বছরের তুলনায় এবার পাইকারিতে পোশাক কিনতে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। ফলে দাম কিছুটা বাড়তি রাখতে হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসএন