রিপোর্টার্স২৪ডেস্ক: ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসী এবং বিশ্ববাসীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি নতুন বছরে আনন্দ, শান্তি, কল্যাণ, সমৃদ্ধি, গণতন্ত্র ও মানবাধিকারের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তারেক রহমান বলেন, নববর্ষ পুরোনো বছরের অভিজ্ঞতা থেকে নতুন বার্তা নিয়ে আসে এবং অতিক্রম করা গ্লানি মুছে নতুন আশা ও আনন্দের পথ তৈরি করে। ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ এখন একটি আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন জাতি নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখে উদযাপন করে। নববর্ষ কেবল একটি উৎসব নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনার প্রতিচ্ছবি।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন বছরে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকারের সঙ্গে নতুন স্বপ্ন দেখার সময় এসেছে। দেশে এমন একটি সমাজ গড়ে উঠুক যেখানে প্রত্যেক নাগরিক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কণ্ঠ স্বাধীন থাকবে। তিনি গত বছরের অর্জন, সাফল্য ও তিক্ত অভিজ্ঞতার পাশাপাশি প্রিয়জন হারানোর যন্ত্রণার কথাও স্মরণ করেন। নববর্ষের দিনে অঙ্গীকার হবে—একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা এবং গণতন্ত্র পুনরুজ্জীবিত করার জন্য একযোগে কাজ করা।
তারেক রহমান অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গণবিরোধী পরাজিত শক্তি জনগণের অধিকার বন্দি করে রেখেছিল। এখন সব গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ শুরু করতে হবে। তিনি বলেন, নববর্ষ মানুষের জীবনে নতুন স্পন্দন, আশা ও সম্ভাবনার দ্বার খুলে দেয়। অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ, চিরদিনের জন্য দূর হোক অন্যায়, উৎপীড়ন ও নির্যাতন।
বিশ্বজুড়ে ইংরেজি নববর্ষ প্রাত্যহিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। উৎসবের দিন তারেক রহমান দেশের জনগণকে আহ্বান জানান, সামাজিক ও রাজনৈতিক সব বাধা অতিক্রম করে সংগ্রামমুখর জীবনের ঐতিহ্য ধরে রাখার মাধ্যমে জাতিকে এগিয়ে নিয়ে যেতে সম্মিলিত প্রয়াস চালাতে হবে।
তিনি নববর্ষে বিশেষভাবে এই বার্তা দেন—‘ধ্বংস নয়, প্রতিশোধ নয়; ভালোবাসা, পরম সহিষ্ণুতা, শান্তি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তুলি’। মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে একটি শক্তিশালী, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ও প্রকাশ করেছেন।
রিপোর্টার্স২৪/বাবি