রিপোর্টার্স২৪ ডেস্ক: ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রি (এনইআইআর) চালুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ৪৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিদের মধ্যে রয়েছেন: দেলোয়ার হোসেন, সৈয়দ আহমেদ শুভ, শাহজাহান, অপূর্ব ইসলাম, শরিফুল ইসলাম নিলয়, জাহিদ হাসান হৃদয়, শাহেদ ভূঁইয়া, বুলবুল আহমেদ, দীপক হাজরা, মান্না হোসেন, ইয়াছিন আরাফাত অর্নব, আশরাফ উদ্দিন, শাহ জালাল, শাহিন, নাঈম, সাইদুর রহমান, ইমতিয়াজ আহমেদ হৃদয়, রমজান, সাব্বির হোসেন, শাহিন, তরিকুল ইসলাম রিফাত, মঈন হোসেন রাজন, অনিক হোসেন, তরিকুল ইসলাম, রিফাত হোসেন, হানিফ মিয়া, শাহাদাৎ হোসেন রাব্বি, সোহানুল হক, তারেক আজিজ, সাজ্জাদ ইসলাম, শিপন, এজাজ হোসেন সিয়াম, উনায়েস ইমরান, মনিব আক্তার, হারিজ, সাব্বির হোসেন বিজয়, এস এম মতিউর রহমান, রাজন শেখ, আবু সাদিক রাকিব, মামুন ব্যাপারী, মজিবুর রহমান, সালাউদ্দিন ব্যাপারী, আমিনুল ইসলাম নাইম, রাকিবুল হাসান রাকিব ও আব্দুল্লাহ সবুজ।
মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার তাদের কারাগারে রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে।
মামলার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মোবাইল ব্যবসায়ীরা এনইআইআর চালুর প্রতিবাদে আগারগাঁও এলাকায় বিটিআরসি ভবনের সামনে বিক্ষোভ করেন। পরে ক্ষুব্ধ হয়ে ভবনের কাঁচের দেওয়াল ভাঙচুর, অফিসের সম্পদ ও এসি স্টাফবাসে আগুন লাগিয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি করা হয়।
বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্স বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফুজ্জামান জাহেদ শেরেবাংলা নগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। মামলা অনুযায়ী গ্রেপ্তার ৪৫ জনের সঙ্গে পলাতক ৯ জনসহ অজ্ঞাতনামা ৫০০–৬০০ জন আন্দোলনকারীও ছিল।
রিপোর্টার্স২৪/ আয়েশা