অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ২৪-এর গণআন্দোলনের যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারি শুক্রবার বিকালে নোয়াপাড়া সরকারি শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনা, কোরআন খতম, দোয়া ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নোয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে পুনরায় শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন অভয়নগর ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মাসুম বিল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান ও সাজিদুল মল্লিক, হিজবুল্লাহ জামে মসজিদের খতিব মুফতি আরাফাত হাবিব।
বক্তারা বলেন, হাদী কোনো নির্দিষ্ট দলের নয়, ১৮ কোটি মানুষের নয়নের মণি। শরীফ ওসমান হাদীর বিচার এই বাংলার জমিনেই হতে হবে। তারা আরও বলেন, ঢাকা শাহাবাগ চত্বরসহ সারা বাংলাদেশ হাদী হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়েছে। এখনই সময়, যেকোনো মূল্যে শরীফ ওসমান হাদীর বিচার করতেই হবে।
রিপোর্টার্স২৪/এসএন