কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া মিরপুরে শনিবার (৩ জানুয়ারি) সকাল ৬টায় উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের কদমতলা, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে হুসাইন (১৯) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়। কুষ্টিয়া হাইওয়ে থানার (ওসি) আবু ওবায়েদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত হুসাইন ঝিনাইদহ জেলার সদর থানা এলাকার কালীচরণপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক ওবায়দুর রহমান (২৯)। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোর ৬টায় বালু আনতে কুষ্টিয়ার ভেড়ামারার দিকে যাওয়ার সময় মিরপুর উপজেলার তালবাড়ীয়া কদমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক হেলপার হুসাইনের মৃত্যু হয়। গুরুতর আহত হন ট্রাকচালক ওবায়দুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।
রিপোর্টার্স২৪/ আয়েশা