নারায়ণগঞ্জ প্রতিনিধি: ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম বাতিল ও মোবাইল ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন মোবাইল ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘হাত ছিল খালি, বুকে ছিল দাবি, রাষ্ট্র দিল গুলি, এই কি ন্যায়নীতি?’, ‘আমরা সরকারের সিদ্ধান্তের বিরোধী নই, আমরা সমাধানের পক্ষে’, ‘নীতি ও আদর্শ ঠিক রেখে ব্যবসা করবো একসাথে’, ‘চোর–পুলিশ খেলা আর নয়, ২৫ হাজার ব্যবসায়ীকে দিতে হবে বৈধতা’—এমন লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন ব্যবসায়ীরা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা আহ্বায়ক মো. শরিফ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিব্রান এবং সদস্য সচিব মো. ইব্রাহিম।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা প্রকৃত অর্থে এক্সচেঞ্জের মাধ্যমে ব্যবসা করি। কেউ বিপদে পড়লে বা পরিবারের মা–বাবা, ভাই–বোন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে এবং জরুরি অর্থের প্রয়োজন হলে আমরা মোবাইল ক্রয়ের মাধ্যমে তাদের আর্থিক সংকট দূর করে থাকি। কিন্তু এনইআইআর সিস্টেম চালু হলে গ্রাহক বা সাধারণ মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হবে।
বক্তারা আরও বলেন, আমরা যারা ব্যবসা করি—নতুন ও তরুণ উদ্যোক্তাসহ—সবার ব্যবসা বিগত চার মাস ধরে বন্ধ রয়েছে। এনইআইআর সিস্টেম চালুর কারণে গ্রাহকরা মোবাইল ফোন ক্রয় করতে পারছে না, আবার বিক্রিও করতে পারছে না। তাই আমরা সকল ব্যবসায়ীর পক্ষ থেকে এনইআইআর সিস্টেম বাতিলের জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আসাদুজ্জামান লিমন, মো. আবিদ, মো. রানা, নাফিজ, হাসান, মো. রাসেল, আবু সাঈদ, পিয়াস প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসএন